খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

কলা পাকাতে কেমিক্যাল, কাওরান বাজারের ১৯ ব্যবসায়ীকে সাজা

অনলাইন ডেক্স:

ক্ষতিকর রাসায়নিক দিয়ে কলা পাকানোর অপরাধে রাজধানীর কারওয়ান বাজারের ১৯ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, র‌্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ও সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে কয়েকটি কলার আড়তে রাসায়নিক ব্যবহারের প্রমাণ পায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আড়তে প্রথমে কলা ক্ষতিকারক রাসায়নিকের দ্রবণে ডুবিয়ে রাখা হয়। পরে সেগুলো তুলে কাপড় দিয়ে ঢেকে ওপরে আরেক দফা রাসায়নিক দ্রব্য স্প্রে করা হয়। এতে কলাগুলো ২/১ দিনের মধ্যে পুরোপুরি হলুদ রং ধারণ করে। কলা পাকাতে যেসব রাসায়নিক দ্রব্য মেশানো হচ্ছে তার মধ্যে ক্ষতিকর ‘ইথোফেন’ রয়েছে। অভিযানে ‘ইথোফেনের’ বোতলও জব্দ করা হয়।
বিসমিল্লাহ আড়তের মো. জাহিদ হাসান, সেলিম শিকদার ও জাকির হোসেন এবং আদর্শ কলার আড়তের মো. তারা মিয়াকে এক মাস ও সুমন সরকারকে তিন মাস কারাদণ্ড দেয় আদালত। এছাড়া ভাই ভাই কলার আড়তের সেলিম মিয়া, মায়ের দোয়া আড়তের মোজাম্মেল হক, আশরাফ উদ্দিন ও মো. সোলায়মান, তোরাব আলীর কলার আড়তের সেলিম, মো. আবদুস সাত্তার ও দীন মোহাম্মদকে দুই মাস করে কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

মাহবুব অ্যান্ড সন্স কলার আড়তের মো. রমজান আলী, আরাম কলার আড়তের রমজান আলী, তাজু কলার আড়তের কবিরুল ইসলাম ও শাহ আলম কলার আড়তের সামসুল হককে তিন মাস এবং ইব্রাহিম কলার আড়তের সালাম, রফিক উদ্দিন ও ফরহাদ এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সুত্র:ইত্তেফাক