পুলিশ কর্মকর্তার মোটরবাইকের লাইসেন্স ও বাইকের পেছনের আরোহীর হেলমেট না থাকায় তাদের মোটরবাইক আটকে ফেরত পাঠিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার বিকেল চারটার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় ঘটনাটি ঘটে।
বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীরা চ্যানেল আই অনলাইনকে জানায়, সকাল থেকেই আমরা প্রতিটি গাড়ির লাইসেন্স চেক করেছি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই যেতে দেইনি। পুলিশের একটি বাইক যেতে চাইলে আমরা লাইসেন্স চাই। তারা দেখাতে ব্যর্থ হয় এবং বাইকের পেছনের আরোহীর হেলমেট না থাকায় তাদের গন্তব্যস্থলে যেতে না দিয়ে ফিরতি পথে পাঠিয়ে দেই।
এসময় বৃষ্টিতে আটকে পড়া কয়েকশ’ মানুষ প্রিয়াঙ্গন শপিং মল থেকে ঘটনাটি প্রত্যক্ষ করছিল। শিক্ষার্থীরা পুলিশের বাইক ফিরতি পথে পাঠিয়ে দিলে সাধারণ জনতা করতালি দিয়ে শিক্ষার্থীদের শুভেচ্ছায় সিক্ত করে।
অপরদিকে সকাল ১১টা থেকে ঢাকা কলেজের সামনে থেকে মিরপুর রোডটি শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রাখলেও বিকেল চারটার একটু পর তারা সড়ক থেকে সরে দাঁড়ায়। বর্তমানে ধানমন্ডির মিরপুর সড়কে স্বাভাবিকভাবে যান চলাচল করছে।
চতুর্থ দিনের মতো নিরাপদ সড়কের দাবিতে উত্তাল রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।
রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার পর থেকে নয় দফা দাবি বাস্তবায়নে সড়ক অবরোধ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে