এবার গাঁজা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে চলছে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে টান টান উত্তেজনা। ঢাবি ছাত্রলীগ দায়ী করছে বুয়েট ছাত্রলীগকে। আর বুয়েট ছাত্রলীগ আঙ্গুল তুলছে ঢাবি ছাত্রলীগের বিরুদ্ধে।
বুয়েট ছাত্রলীগের সভাপতি শুভ্রজ্যোতি পাটোয়ারী জানান, ‘জহুরুল হক হলের ছাত্রলীগের নেতাকর্মীরা আগে আমাদের ওপর আক্রমণ করে। আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করে।’ তার দাবি, এ ঘটনায় তাঁদের পাঁচ কর্মী আহত হয়েছেন।
আহতরা হলেন সৌরভ, দিব্য, অনিক, মহুরী ও সাদমান। তাঁদের মধ্যে সাদমানের অবস্থা গুরুতর। আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে গাঁজা সেবন করা নিয়ে জহুরুল হক হলের ছাত্রলীগের কর্মীদের সঙ্গে বুয়েট ছাত্রলীগের কর্মীদের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেলৈ জহুরুল হক হলের ছাত্রলীগকর্মী ইমরানকে বুয়েট ক্যাম্পাসে আটকে রাখেন সেখানকার ছাত্রলীগের কর্মীরা।
পরে বিষয়টি জানতে পেরে ঢাবির জহুরুল হক হল ছাত্রলীগের কর্মীরা ইমরানকে ছাড়িয়ে আনতে যান। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের কর্মীদের হাতে লাঠিসোটা, রড দেখা যায়। পরে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স ঘটনাস্থলে গিয়ে তাঁদের নেতাকর্মীদের হলের ভেতর পাঠিয়ে দেন।
ঢাবির জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার জানান, ‘ইমরান নামের আমাদের এক কর্মীকে আটক করে রাখে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের কর্মীরা তাকে নিয়ে আসতে গেলে, তারা কর্মীদের ওপর হামলা করে।’
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে