খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আইন শিথিলের দাবিতে খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি

খুলনা: সড়ক দুর্ঘটনায় প্রস্তাবিত আইন শিথিল করার দাবিতে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা।

রোববার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিকদের চারটি সংগঠন।

সংগঠনগুলো হলো- বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে বাংলাদেশ তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও পদ্মা-মেঘনা-যমুনা শ্রমিক কল্যাণ সমিতি।

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে সোমবার সকাল ৮টা পর্যন্ত। কর্মবিরতির কারণে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ট্যাংকলরি চলাচল বন্ধ রয়েছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিম বাংলানিউজকে বলেন, সড়কে চালকরা ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটায় না। দুর্ঘটনার জন্য অধিকাংশ রাস্তাঘাটের বেহাল দশা ও ভাঙাচোরা সড়ক দায়ী। পথচারীর অসতর্কতার জন্যও দুর্ঘটনা ঘটে। এর জন্য পথচারীসহ দেশের জনগণকে আরও সচেতন হতে হবে। প্রস্তাবিত আইন এখনই শিথিল করা সম্ভব। কালক্ষেপণ করলে তেল সেক্টরে চরম অসন্তোষ সৃষ্টি হবে।

তিনি জানান, খালিশপুরস্থ ট্যাংকলরি ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করছে মালিক সমিতির নেতারা। সামাবেশ থেকে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, শনিবারের যৌথসভায় প্রস্তাবিত আইনকে এক পেশে মন্তব্য করে মালিক সমিতির নেতারা ২৪ ঘণ্টার এ ধর্মঘটের ডাক দেন।

বাংলানিউজ