খুলনা, বাংলাদেশ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতাঃ ॥ ভারতীয় অংশের বারাদী সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জসিম উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশিকে আটক করেছে। বারাদী সীমান্তটি বাংলাদেশের চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিপরীতে ভারতীয় এলাকা। চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক মো. রাশিদুল আলম শনিবার সকালে জানান, আটক জসিম উদ্দিন দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আয়তুল ইসলামের ছেলে। তাকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তের ৭৯ নম্বর মেইন পিলারের কাছ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে বলে নিশ্চিত করেন। বিজিবি পরিচালক মো. রাশিদুল আলম আরো জানান, শুক্রবার বিকালে জসিম উদ্দিন অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করে বিএসএফের হাতে আটক হয়। বিজিবির পক্ষ থেকে জসিম ফেরত চেয়ে পত্র দেওয়ার পর সন্ধ্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিএসএফ জসিমকে ফেরত দেয়নি। উক্ত পতাকা বৈঠকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) জানায়, ভারতের বিজয়পুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে ভারতীয় পুলিশের হাতে হস্তান্তর করেছে।